- জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি
পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে
মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের
ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে
বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে
জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেন ।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার
নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য;
অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে
দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে
দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে
সে, 'এতদিন কোথায় ছিলেন?'
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের
বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের
মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ
মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি
করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায়
এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার
বনলতা সেন।
very nice
ReplyDelete